ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনে বিমান হামলায় নিহত ১৪

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের চালানো বিমান হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দেশটির রাজধানী সানায় চালানো বিমান হামলায় তারা প্রাণ হারান। এতে নিহতরা সকলেই একই ভবনের বাসিন্দা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়।


এর আগে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্য সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে দুই ভারতীয়সহ তিনজন প্রাণ হারান। ভয়াবহ ওই হামলার জবাবেই মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোট বিমান হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


সৌদির মিডিয়াগুলো বলছে, মঙ্গলবার ভোরে ইয়েমেনের রাজধানী সানায় ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ঘাঁটিসহ বিভিন্ন অবস্থানে বিমান হামলা শুরুর কথা জানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।


প্রাথমিক তথ্য অনুযায়ী- মঙ্গলবার ভোররাতে চালানো ওই আক্রমণে ১৪ জন নিহত হওয়ার কথা জানা গেছে। সানার অন্যান্য স্থানের মতো সাবেক একজন সামরিক কর্মকর্তার বাড়িতেও আক্রমণের ঘটনা ঘটেছে।


হাসপাতাল ও স্থানীয় বাসিন্দাদের বরাতে রয়টার্স বলছে, সৌদি জোটের বিমান হামলায় সাবেক ওই সামরিক কর্মকর্তা, তার স্ত্রী, তাদের ২৫ বছর বয়সী সন্তানসহ পরিবারের অন্য সদস্য এবং অজ্ঞাত আরও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।


যদিও রাজধানী সানায় সৌদি জোটের হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন বলে টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন হুথি নিয়ন্ত্রিত সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী। অপর দিকে হুথিদের পরিচালিত আল-মাসিরাহ টিভিতে বলা হয়েছে, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান থেকে গোলাবর্ষণে কমপক্ষে ১২ জন নিহত এবং প্রায় আরও ডজন খানেক মানুষ আহত হন। এছাড়া হামলায় বাড়ি-ঘর ধ্বংস হয়েছে বলেও আল মাসিরাহ টিভিতে দেখানো হয়েছে।


বিশ্লেষকদের মতে, ২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের আক্রমণের মুখে সৌদি সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত ওই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।


অভিযানের শুরুর পর দেশটির রাজনৈতিক সংকটের অবসান হওয়ার পরিবর্তে তা আরও তীব্র হয়ে ওঠে। বর্তমানে ইয়েমেনে কার্যত দুই শাসকগোষ্ঠী সক্রিয় রয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতার ওপর ভর করে দেশটির দক্ষিণাঞ্চল এখনো মনসুর হাদির নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে আছে, অন্য দিকে হুথি বিদ্রোহীরা সম্পূর্ণভাবে উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ে রেখেছে।


গৃহযুদ্ধ শুরুর পর থেকে আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র রাষ্ট্র ইয়েমেন ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে গৃহযুদ্ধের তীব্রতা বেড়েছে। বিদ্রোহী বাহিনী দেশটির কেন্দ্রীয় শহর মারিব এবং উপকূলীয় শহর হোদেইদাকে টার্গেট করেছে। অপর দিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট রাজধানী সানা এবং অন্যান্য বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা বৃদ্ধি করেছে।


উল্লেখ্য, ইয়েমেনের এই সংঘাতকে মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি-ইরানের ‘ছায়াযুদ্ধ’ হিসেবে দেখা হচ্ছে। টানা গৃহযুদ্ধ ও সংঘাত চলার ফলে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের এক সময়ের সচ্ছল এবং তেলসমৃদ্ধ এই দেশ।

ads
ads
ads

Our Facebook Page

↑